মোংলা বন্দর ও ইপিজেডে কর্মরত শ্রমিক-কর্মচারীসহ সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে মোংলা নদীতে এখন থেকে ২৪ ঘণ্টা দুটি ফেরি চলাচল করবে। শুক্রবার (২৬ জুন) থেকে এই সেবা চালু হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম নিজ নির্বাচনী এলাকায় মোংলা নদীর ফেরি চলাচল ব্যবস্থা ও ঠাকুরানী খাল পরিদর্শনকালে এ ঘোষণা দেন।
দুর্ভোগ লাঘবে ফেরি সংখ্যা বাড়ানো
প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, মোংলা বন্দর ও ইপিজেডের শ্রমিক এবং রোগীসহ সকল শ্রেণির মানুষের দুর্ভোগ কমাতে শুক্রবার থেকে মোংলা নদীতে ২৪ ঘণ্টা দুইটি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। এর আগে জোয়ার-ভাটার উপর নির্ভর করে মাত্র ১টি ফেরি চলাচল করত, যাতে মানুষের চরম দুর্ভোগ পোহাতে হতো। তিনি বলেন, ‘আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন আরও একটি ফেরি সংযোজন করা হলো।’
নিয়মিত খনন ও খাল উদ্ধার
ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে মোংলা-ঘাষিয়াখালী চ্যানেল নিয়মিত খনন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী। এছাড়া নির্বাচনী আরেকটি অঙ্গীকার ছিল মোংলা পোর্ট পৌরসভার প্রধান খাল ঠাকুরানী খাল উদ্ধার করা। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়েছে। খালের ময়লা পরিষ্কার শেষ হয়েছে, এখন খালের জায়গা পরিমাপের কাজ চলছে। এরপর পানি উন্নয়ন বোর্ড খালটি খনন করবে।
জীববৈচিত্র্য ও স্বাস্থ্যঝুঁকি কমবে
প্রতিমন্ত্রী বলেন, খাল উদ্ধারের ফলে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণ ও শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়ার আশঙ্কা কমবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমিসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।



