ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডিএনসিসির আওতাধীন মুসলিম বাজার খালসহ ২৯টি খাল পর্যায়ক্রমে দখলমুক্ত করা হবে। সোমবার (২৯ জুন) রাজধানীর মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা
প্রশাসক বলেন, দীর্ঘ ১৭ বছরের অব্যবস্থাপনা, ময়লা-আবর্জনা ও দখলের কারণে রাজধানীর অধিকাংশ খাল কার্যত ভরাট হয়ে গেছে। এসব খাল উদ্ধার করা না গেলে ঢাকা শহরকে জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট থেকে রক্ষা করা সম্ভব হবে না। নগরবাসীর স্বার্থে এবং টেকসই নগর উন্নয়নের জন্য ২৯টি খাল দখলমুক্ত করা হবে। এ কাজে জনগণের সহযোগিতা নেওয়া হবে এবং যেকোনো বাধা মোকাবিলা করে অভিযান পরিচালনা করা হবে।
পাঁচ লাখ গাছ রোপণের উদ্যোগ
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ঢাকা উত্তর সিটি করপোরেশন পাঁচ লাখ গাছ রোপণের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে শফিকুল ইসলাম খান বলেন, পরিবেশ দূষণ কমাতে সবাইকে ছাদবাগান গড়ে তুলতে হবে। তবে ছাদবাগানে যেন কোথাও পানি জমে ডেঙ্গু মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
পরিচ্ছন্ন নগর গড়ার আহ্বান
তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করা প্রয়োজন। ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং জনগণের কল্যাণে কাজ করে যাবে।
বর্ণাঢ্য র্যালি
অনুষ্ঠান শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।



