বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ি’ নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে। একই সঙ্গে উপজেলার আরও পাঁচটি ইউনিয়ন পুনর্গঠন ও শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ করে সরকারি গেজেট প্রকাশ করা হয়েছে।
গেজেট প্রকাশের তথ্য
রবিবার (১৪ জুন) সন্ধ্যায় বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন অংশ ভেঙে নতুন ‘মীরবাড়ী’ ইউনিয়ন পরিষদ গঠন করা হয়েছে।
নতুন ইউনিয়নের নামকরণ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলমের বেতগাড়িস্থিত গ্রামের বাড়ির নামানুসারে নতুন এই ইউনিয়নের নামকরণ করা হয়েছে ‘মীরবাড়ি’।
নতুন ইউনিয়নের আওতাভুক্ত এলাকা
প্রকাশিত গেজেট অনুযায়ী— উপজেলার ফেনীগ্রাম, সৈয়দপুর, চন্দনপুর, দোপাড়া, তেয়াইল, গোরনা, ধামাহার, বাদলদিঘী, বেতগাড়ি, রামকান্দি, চকগোপাল, ডাবুর, চককানু, হরিপুর ও গোপিনাথপুরসহ মোট ১৫টি মৌজা নিয়ে মীরবাড়ি ইউনিয়ন পরিষদ গঠিত হলো। নতুন এই ইউনিয়নের মোট জনসংখ্যা ১৮ হাজার ৯২৪ জন।
পুনর্গঠিত ইউনিয়নসমূহ
শিবগঞ্জ পৌরসভার সীমানা সম্প্রসারণ এবং নতুন ইউনিয়ন গঠনের ফলে উপজেলার বিহার, রায়নগর, বুড়িগঞ্জ, কিচক ও আটমুল ইউনিয়ন পুনর্গঠন করা হয়েছে।



