রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের সাহাপুর থেকে গাল্লা সড়কের পুরোনো কালভার্ট ভেঙ্গে নতুন বক্স কালভার্ট তৈরির জন্য গর্ত খুঁড়ে প্রায় তিন মাস ধরে লাপাত্তা ঠিকাদার। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
ঠিকাদারের গাফিলতি
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গ্রামবাসী সূত্রে খোঁজ নিয়ে জানা যায়, গত প্রায় ৩ মাস আগে প্রকাশ নগর থেকে গাল্লা ও সাহাপুর থেকে গাল্লা যাওয়ার ২টি কাঁচা রাস্তা নতুনভাবে পাকা করণের কাজ শুরু করা হয়। ঠিকাদার রাস্তার মাটি কেটে বালি ফেলার পর কাজ বন্ধ করে ঠিকাদার লাপাত্তা হয়ে যায়। সড়কের মাঝে গাল্লা গ্রামের শাফিউলের বাড়ির সামনের পুরোনো কালভার্ট নিলামে বিক্রি করে ভেঙ্গে দেওয়া হয়। তবে, যানবাহন বা গাড়ী চলাচলের জন্য পাশ দিয়ে কোনো বিকল্প রাস্তা তৈরি করা হয়নি। ফলে, প্রায় ৬ কিলোমিটার রাস্তা ঘুরে এলাকাবাসীকে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়দের দুর্ভোগ
শাফিউল ইসলাম নামের এক যুবক বলেন, ওই গর্তের পাশ দিয়ে বিকল্প রাস্তা না করায় এবছর কৃষকরা আলু ও ধান ঘরে তুলতে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। বৈদ্যপুর হয়ে ঘুরে আসতে হচ্ছে।
ঠিকাদারের বক্তব্য
ঠিকাদার ওয়াসিম সরকার বলেন, যুদ্ধের কারণে নির্মাণ সামগ্রী ঠিকমতো সরবরাহ না পাওয়া কাজ বন্ধ রয়েছে। অচিরেই কাজ শুরু হবে।
উপজেলা প্রকৌশলীর প্রতিক্রিয়া
তানোর উপজেলা প্রকৌশলী নুরুন্নাহার বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে এবং ঠিকাদার প্রতিষ্ঠানকে নোটিশ করা হয়েছে। আশা করছি অচিরেই শুরু হবে কাজ।



