কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত: আগৈলঝাড়ায় ঘটনা
কিশোর গ্যাংয়ের হামলায় স্কুলছাত্র আহত: আগৈলঝাড়ায় ঘটনা

বরিশালের আগৈলঝাড়ায় সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের হামলায় এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। সোমবার (৪ মে) সন্ধ্যায় উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত হৃদয় সরদার রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

হৃদয় জানান, একই এলাকার আলিম হাওলাদার (১৭) ও সাজিদ হাওলাদার (১৬) দীর্ঘদিন ধরে এলাকায় একটি মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনার প্রতিবাদ করলে প্রথমে তাদের মধ্যে বিরোধ তৈরি হয় এবং পরে বিষয়টি মীমাংসা হয়। সম্প্রতি পুরনো বিরোধের জেরে আবারও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় সোমবার জমিতে ধান কাটার সময় হৃদয়কে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

হৃদয় জানান, ধানের আঁটি মাথায় নিয়ে রাস্তার পাশে আসার সময় আগে থেকে অবস্থান নেওয়া ১০-১২ জনের একটি দল তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে আলিম হাওলাদার, সাজিদ হাওলাদার, সজল সরদার ও আশরাফুল ঘরামী ছিল বলে জানান তিনি। হামলার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্থানীয়দের অভিযোগ, ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা এর আগেও এলাকায় বিভিন্ন মানুষের ওপর হামলা ও মেয়েদের উত্ত্যক্ত করার মতো ঘটনায় জড়িত ছিল। আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ