নওগাঁর মহাদেবপুরে হাট-বাজার উন্নয়ন কাজের আওতায় বাজার রোডে সিসি ঢালাই রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সদর ইউনিয়ন পরিষদ হাট-বাজার উন্নয়ন কাজের আওতায় বৃহস্পতিবার সন্ধ্যায় মহাদেবপুর বাজারের তরকারি বাজার মোড় থেকে গোস্ত হাটির মোড় পর্যন্ত ৫ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে ৭৩ মিটার রাস্তার এ কাজটি করে।
নির্ধারিত মাত্রা ও ব্যবহার
রাস্তাটি ১০ ফুট প্রস্থ ও ৬ ইঞ্চি থিকনেস থাকার কথা থাকলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ কোথাও কোথাও ৮ ফুট বা ৯ ফুট এবং সাড়ে চার থেকে ৫ ইঞ্চি থিকনেস দেয়া হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এ রাস্তা নির্মাণে নিম্নমানের ইট, সিমেন্ট ও বালু ব্যবহার করার অভিযোগ রয়েছে।
প্রকৌশলীর বক্তব্য
জানতে চাইলে উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. রাজিব হোসেন এ কাজের সঠিক কোন তথ্য না দিয়ে বলেন, রোববারে অফিসে আসেন এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
চেয়ারম্যানের প্রতিক্রিয়া
মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মো. সাঈদ হাসান বলেন, হাট-বাজার উন্নয়ন কাজের আওতায় ৫ লক্ষ ৯৯ হাজার টাকা ব্যয়ে মধ্য বাজারে ৭৩ মিটার দৈর্ঘ্য সিসি ঢালাই কাজটি করা হয়েছে। তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ১০ ফুট প্রস্থ ও ৬ ইঞ্চি থিকনেসসহ ভালো মানের কাজ করা হয়েছে। সেখানে কোন অনিয়ম হয়নি।
উল্লেখ্য, এই ঘটনায় স্থানীয়রা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।



