কুমিল্লায় পানির মধ্যে পরীক্ষা দিলেন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা
পানির মধ্যে পরীক্ষা দিলেন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা

কুমিল্লায় ঈশ্বর পাঠশালার পর এবার পানির মধ্যে পরীক্ষা দিলেন ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার হল রুমে জলাবদ্ধতার মাঝেই পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিয়েছেন ওই কলেজের অনার্সের শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যায় ওই চিত্র সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

গত কয়েক দিনের টানা ঝড়-বৃষ্টিতে নগরীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানি প্রবেশ করেছে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে। ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। গত মঙ্গলবার ও বুধবারের টানা বৃষ্টিতে কলেজে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কলেজের কলাভবন, বিজ্ঞান ভবনের নিচতলার পরীক্ষার হলে জলাবদ্ধতার ফলে পানিতে পা ডুবিয়েই পরীক্ষা দিতে হয়েছে। বিজ্ঞান ভবন এবং কলাভবনে সবচেয়ে বেশি পানি ছিল। সেই কারণে অনেকটা বাধ্য হয়ে পানিতে পা ডুবিয়ে পরীক্ষা দিতে হয়েছে। এছাড়াও কলেজে পানি মাড়িয়েই চলাফেরা করতে হচ্ছে সবাইকে।

শিক্ষার্থীরা জানান, কেবল কলেজ ক্যাম্পাস নয়, পানি ঢুকে পড়েছে বেশ কয়েকটি ভবনেও। দক্ষিণ পাশে সীমানাপ্রাচীর না থাকায় সেদিক দিয়ে পানি প্রবেশ করে। কলেজের ব্যবসায় শিক্ষা ভবন, কলাভবন, মিলেনিয়াম ভবন এবং কেন্দ্রীয় লাইব্রেরির নিচতলার ফ্লোর পানিতে ডুবে আছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, প্রাচীন এ বিদ্যাপীঠে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত আছে; কিন্তু প্রতিষ্ঠানটির উন্নয়ন কার্যক্রম থমকে আছে। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাছাড়া একদিন বৃষ্টি হলে মাঠে বেশ কয়েক দিন জলাবদ্ধতা সৃষ্টি হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কলেজের অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, আমাদের অধিকাংশ ভবন পুরোনো। দিনে দিনে আশপাশে বাড়িঘর এবং সড়ক উঁচু হয়ে গেছে; কিন্তু কলেজের মাঠ এবং স্থাপনা আগের মতো রয়ে গেছে। এতে বৃষ্টি হলে আশপাশের পানি এসে কলেজের মাঠে প্রবেশ করছে। বর্তমানে অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। আমাদের শিক্ষার্থীরা বৃহস্পতিবার কষ্ট করে পানির মধ্যেই পরীক্ষা দিয়েছে। জলাবদ্ধতার সমস্যা সমাধানে রাস্তার মতো বাঁধ নির্মাণে বরাদ্দ আনা হয়েছে। খুব শিগগিরই সেটির কাজ শুরু হলে এই সংকট কেটে যাবে।