খাগড়াছড়ি জেলা সদরের সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলার সংযোগকারী সড়কের গুরুত্বপূর্ণ একটি বেইলি সেতুর পাটাতন ধসে একটি পাথরবোঝাই ট্রাক আটকা পড়েছে। এ ঘটনায় বুধবার (২৯ এপ্রিল) রাত ১০টা থেকে লংগদুর সঙ্গে খাগড়াছড়ি জেলা শহর এবং ঢাকাসহ সারাদেশের যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দীঘিনালা-লংগদু সড়কের বোয়ালখালি চৌমুহনী এলাকায় পাথরবোঝাই ট্রাকটি বেইলি সেতু অতিক্রম করার সময় অতিরিক্ত ভারের কারণে সেতুর পাটাতন খুলে নীচে পড়ে যায়। এতে খুলে পড়া পাটাতনের ফাঁকাস্থানে ট্রাকের চাকা আটকে যায়। ফলে ওই সেতু দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে।
সড়কে চলাচলকারী আব্দুল খালেক নামের এক ব্যক্তি বলেছেন, এখানে সেতু নির্মাণ করা হবে। সে কারণে একটি বিকল্প ডাইভারশন সড়ক ও ব্রিজ তৈরি করা হয়েছে। সেটি দিয়ে বর্তমানে মোটরসাইকেল, ইজিবাইক ইত্যাদি হালকা যানবাহন চলাচল করছে। তবে অনেকগুলো ট্রাক ও বাস এখনো সেতুর দুই পাশে আটকে আছে।
মেরামত কাজ শুরু
জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগ আটকাপড়া ট্রাকটি সরিয়ে সেতুটির মেরামত কাজ শুরু করে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মেরামতের কাজ শেষ হয়নি।
এ ব্যাপারে খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) সবুজ চাকমা বলেন, ‘পাথর সরিয়ে নেওয়ার পর ট্রাকটি উদ্ধার করা হয়েছে। এরপর সেতুর মেরামতের কাজ শুরু করা হয়। কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। আশাকরি শুক্রবার শেষ করা যাবে।’
সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত লংগদু অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত থাকবে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।



