ঝালকাঠিতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে দেওয়া ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১ জুলাই) বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মো. নুরুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
মামলার বিবরণ
মামলার ডেথ রেফারেন্স খারিজ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়। আসামি খোকন হাওলাদার ও পারুল বেগমকে আদালতে শুনানিতে প্রতিনিধিত্ব করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
মামলার বিবরণী অনুযায়ী, ২০১৪ সালের ৬ ফেব্রুয়ারি মধ্যরাতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামের নাসির উদ্দিনকে তার স্ত্রী পারুল বেগম ও প্রেমিক খোকন হাওলাদার গলাকেটে ও কুপিয়ে হত্যা করেন। নিহতের ভাই সোহরাব হাওলাদার বাদী হয়ে পরের দিন কাঁঠালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
গ্রেফতার ও বিচার
মামলা দায়েরের দিন পারুল বেগম এবং পরের দিন খোকন হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত কর্মকর্তা এসআই আবদুস সালাম ২০১৪ সালের ৩০ এপ্রিল দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৮ সালের ১১ নভেম্বর ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক রায়ে খোকন হাওলাদারকে ফাঁসি ও পারুল বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
হাইকোর্টের রায়
পরবর্তীতে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয় এবং আসামিরা আপিল করেন। হাইকোর্ট বেঞ্চ উভয় আসামিকে খালাস দেন। খোকন হাওলাদারের বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পূর্ব কৈখালী গ্রামে এবং পারুল বেগমের বাড়ি একই উপজেলার শৌলজালিয়া গ্রামে।



