বৈরী আবহাওয়া ও ঝোড়ো বাতাসের কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে ফেরি চলাচল শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
ঝোড়ো বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ ঝোড়ো বাতাসের কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে সোয়া এক ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়।
বিআইডব্লিউটিসি কর্মকর্তার বক্তব্য
বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহা-মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি বলেন, ‘হঠাৎ কালবৈশাখী ঝড় ও দমকা হাওয়ার কারণে নদীতে ঢেউ বাড়ায় কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।’
এদিকে, ফেরি চলাচল বন্ধের কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। তবে ফেরি চলাচল চালু হওয়ার পর ধীরে ধীরে যানবাহন পারাপার স্বাভাবিক হতে শুরু করেছে বলে ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে।



