পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঝড় ও দমকা হাওয়ার কারণে দেড় ঘণ্টা সবধরনের নৌযান চলাচল বন্ধ থাকার পর পুনরায় চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নৌযান চলাচল স্বাভাবিক হয়। এর আগে, ঝড়ো বাতাসের কারণে বিকেল ৪টা ২৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচল শুরু করা হয়। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমতে শুরু করে এবং ফেরি চলাচল নিয়মিত হয়।



