ময়মনসিংহের নান্দাইল শহরের এক বাসায় খাট থেকে পড়ে ১১ মাসের শিশু নুসরাতের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) সকালে পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চারআনি পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, গত প্রায় ছয় মাস ধরে ভাড়া বাসায় বসবাস করছিলেন কামরুন্নাহার নামে এক নারী। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তিনি তার ১১ মাসের কন্যা সন্তান ও নিজ মাকে নিয়ে ওই বাসায় থাকতেন। শনিবার সকালে কামরুন্নাহার শিশু নুসরাতকে খিচুড়ি খাওয়ানোর পর খাটে শুইয়ে রেখে পানি আনার জন্য রান্নাঘরে যান। এ সময় শিশুটি খাট থেকে পাকা মেঝেতে পড়ে গিয়ে নিস্তেজ হয়ে পড়ে।
হাসপাতালে নেওয়া
পরে দ্রুত তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পুলিশের বক্তব্য
নান্দাইল থানার ওসি মো. আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



