নাটোরের সিংড়ায় বিরোধপূর্ণ জায়গা দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের পরিল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের তালিকা
আহতরা হলেন- হাসি খাতুন (২৬), ইসলাম (২৪), আল আমিন (২৫), মুর্শিদুল (৩২), মহসিন (৩০), নাফিজুল (২৭), ইমন (২৩), মিলন (১৮), সিরাজুল (৫৫), ফরহাদ (৪৮), আইনাল (৪৫), আসাদ (৩৮), রুবেল (৩৫), ফরহাদ (৪১), হাফিজ (৩৪), সাকিল (৪০), মাহফুজুল (৩৪), রাব্বানী (৩৬), রহিদুল (৩৮) ও রুবেল (৪২)।
ঘটনার বিবরণ
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পারিল গ্রামের একটি জায়গা দখল নিয়ে ওই গ্রামের সিরাজুল ইসলাম ও আবুল কালামের মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় নেতাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও আবুল কালাম গ্রুপের লোকজন ওই জায়গায় বাঁশ ও টিন দিয়ে ছাপড়া ঘর নির্মাণ করতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের একজন নারীসহ অন্তত ২৫ জন আহত হন।
পুলিশের বক্তব্য
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিরোধপূর্ণ একটি জায়গায় একপক্ষ ধান কাটা শ্রমিকদের থাকার ঘর নির্মাণ করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



