ঈদের ছুটি শেষে নৌপথে ভোগান্তি ছাড়াই রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সোমবার (১ জুন) সকাল থেকেই টানা এক সপ্তাহ ছুটি কাটিয়ে নৌপথে ফেরার পথে মানুষ বিড়ম্বনা ছাড়াই ঢাকায় ফিরতে পারছে। এদিকে যারা ঈদে বাড়ি ফিরতে পারেনি তারা নৌপথে দক্ষিণাঞ্চলে দিকে রওনা হতে দেখা গেছে।
ঈদের ছুটি এক সপ্তাহ শেষে কর্মদিবস শুরু হওয়ার কারণে সোমবার সকাল থেকেই চাঁদপুর, ভোলা, বরিশালসহ দক্ষিণাঞ্চলের মানুষ নৌপথে লঞ্চে করে ঢাকার দিকে ছুটতে দেখা গেছে। যাত্রীরা বলছেন, এবার লঞ্চ ভাড়া আগের মতো রয়েছে, ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরতে পারছি।
চাঁদপুর থেকে সোনারতরী লঞ্চে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে আসা যাত্রী শাফিন দেওয়ান জানান, এবারে ঈদে যেভাবে ভোগান্তি ছাড়া পরিবার পরিজন নিয়ে বাড়িতে গিয়েছি ঠিক ফিরতি যাত্রায়ও কোনও ভোগান্তি হয়নি। চাঁদপুর থেকে যথাসময়ে লঞ্চ ছেড়েছে বাড়তি ভাড়া গুনতে হয়নি, স্বাভাবিক সময় যেমন ভাড়া সে ভাড়া দিয়ে আসছি।
ইয়াসিন আরাফাত বলেন, আমি একটি রেস্টুরেন্টে চাকরি করি। ঈদে আমার ছুটি ছিল না তাই এখন বাবা-মা পরিজনের সঙ্গে সময় কাটাতে যাচ্ছি। ঘাটে তেমন চাপ নেই স্বাভাবিকভাবেই বাড়ি ফিরতে পারবো বলে মনে হচ্ছে।
বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, আজ থেকে কর্মদিবস শুরু হওয়ার কারণে সকাল থেকেই পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকার দিকে ছুটছে। তবে ভোগান্তি ছাড়াই সুশৃঙ্খলভাবে যাত্রীবাহী লঞ্চে করে ঘাটে আসছেন এবং যারা ঈদে বাড়ি ফিরতে পারেনি তারা বাড়ি ফিরছেন।
মুন্সীগঞ্জ বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল রাজ্জাক জানান, ঈদে এই নৌপথে ঘরমুখো যাত্রা যেমন নির্বিঘ্ন ছিল। ফেরার পথেও কোনও বিড়ম্বনা নেই। মানুষ স্বাচ্ছন্দ্যে কর্মস্থলে ফিরতে পারছে। তবে এখনও পর্যন্ত ঢাকায় ফিরতি যাত্রীর তেমন চাপ নেই স্বাভাবিক দিনের চেয়ে কিছুটা চাপ বেড়েছে। লঞ্চে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে কোনও ভোগান্তি নেই। অনেকে আবার বাড়িতে যাচ্ছেন।



