রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ। মেট্রোরেল স্টেশনের নিচে সড়কে অবৈধভাবে পশু বেধে রাখার ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে পশু সরিয়ে দেওয়া হয়েছে। এতে ওই এলাকায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
ডিএমপির বক্তব্য
মঙ্গলবার (২৬ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এসব তথ্য জানান। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন সবচেয়ে বড় ও সর্বোচ্চ ইজারামূল্যের পশুর হাট হিসেবে এবার দিয়াবাড়ি পশুর হাট ব্যাপকভাবে জমে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাক ও নৌপথে বিপুলসংখ্যক কোরবানির পশু আনা হয়েছে। বিশেষ করে বড় আকৃতির গরুর সমাগম ক্রেতাদের ব্যাপক আকর্ষণ করছে।
যানজটের কারণ ও সমাধান
তবে, হাটের নির্ধারিত সীমানার বাইরে প্রধান সড়ক ও মেট্রোরেল স্টেশনের নিচে পশু রাখায় যানজটের সৃষ্টি হচ্ছিল। পরে ডিএমপির উত্তরা বিভাগ মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশু সরিয়ে ডাইভারশন করে যান চলাচল স্বাভাবিক করে।
তিনি বলেন, ‘হাটের ইজারাদারকে ঘটনাস্থলে ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে। সড়কে হাট বসানো বা পশু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশ অমান্য করলে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হবে।’



