৪৩ বছরের পুরনো শিবগঞ্জ উপজেলার নতুন নাম মহাস্থান
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান উপজেলা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার রাতে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলায় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল শেষে এক সমাবেশে তিনি এই ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায়ও শিবগঞ্জ নামে একটি উপজেলা আছে। একই নামে দুই উপজেলা থাকায় সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হয়। তাই শিবগঞ্জবাসীর সমর্থন পেলে এই উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণ করা হবে। বাংলার প্রাচীনতম পুন্ড্রবর্ধনের রাজধানী ও ঐতিহাসিক মহাস্থানগড় এই উপজেলায় অবস্থিত হওয়ায় এই নামকরণ যুক্তিযুক্ত বলে মনে করেন তিনি।
শিবগঞ্জ উপজেলার ভৌগোলিক অবস্থান ও ইতিহাস
শিবগঞ্জ উপজেলা বগুড়া জেলার ১২টি উপজেলার মধ্যে বৃহৎ উপজেলা। এটি ১৯৮৩ সালের ২৪ মার্চ প্রতিষ্ঠিত হয়। এর আয়তন ৩১৫ বর্গ কিলোমিটার। শুধু শিবগঞ্জ উপজেলা নিয়ে বগুড়া-২ আসন গঠিত। বগুড়া জেলা শহর থেকে ১৯ কিলোমিটার উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত এই উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর, কাহালু ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলা।
মোকামতলা নতুন উপজেলা ঘোষণা
এর আগে গত ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণার অনুমোদন দেন। শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন—মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হয়। এর আয়তন ১২৮ দশমিক ৭৪ বর্গ কিলোমিটার এবং লোকসংখ্যা প্রায় দেড় লাখ।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, সরকারি কাজকর্মে নানা জটিলতা সৃষ্টি হওয়ায় প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান নামকরণের কথা বলেছেন। খুব শিগগিরই তা বাস্তবায়ন হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।



