বগুড়ার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ
বগুড়ার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম বদল

দেশজুড়ে আলোচনায় আসা বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান। শুক্রবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

নামকরণের প্রেক্ষাপট

এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে নামকরণ করা বগুড়ার দুই ইউনিয়নের নাম আলোচনায় আসে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ছেলের নামে এই দুই ইউনিয়নের নামকরণ হওয়ার পর সারাদেশে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা

বগুড়া জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন দুটির নাম পরিবর্তনের প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে। নতুন নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় জনগণের মতামত, এলাকার ইতিহাস-ঐতিহ্য এবং ভৌগোলিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হবে। এ জন্য পুনরায় গণশুনানির আয়োজন করা হবে।’ নতুন নাম চূড়ান্ত হওয়ার পর প্রচলিত বিধি অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রতিমন্ত্রীর ভূমিকা

সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রীর ছেলেদের নামের সঙ্গে ইউনিয়নের নাম হওয়াকে কেন্দ্র করে বিরূপ সমালোচনার পরে প্রতিমন্ত্রী নিজেও বিব্রত বোধ করেন। ইউনিয়নের নামকরণ নিয়ে কোনো ধরনের ভুল ব্যাখ্যা বা অপপ্রচারের সুযোগ না রাখতে তিনি নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে অনুরোধ জানান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ