স্থানীয় নির্বাচনে ১০০ উপজেলা ও পৌরসভায় এনসিপির প্রার্থী ঘোষণা
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১০ মে) রাজধানীর বাংলামোটরে দলটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষিত তালিকায় উপজেলা চেয়ারম্যান পদে ৫০ জন এবং পৌর মেয়র পদে ৫০ জন প্রার্থী রয়েছেন।
সারজিস আলমের বক্তব্য
সংবাদ সম্মেলনে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জাতীয় নির্বাচনে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। সাংগঠনিকভাবে প্রতিটি আসনের ওয়ার্ড পর্যায়ে প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনে জোট থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটি। ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ দীর্ঘ প্রক্রিয়া এবং সময়সাপেক্ষ বলে মন্তব্য করেন তিনি।
সারজিস আলম আরও বলেন, ফ্যাসিবাদ ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত নন এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য—এমন ব্যক্তিরা অন্য দল থেকে হলেও এনসিপির পক্ষে উপজেলা চেয়ারম্যান বা পৌর মেয়র পদে প্রার্থী হওয়ার আবেদন করতে পারবেন।
প্রার্থী তালিকায় পরিবর্তনের সম্ভাবনা
সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে জানানো হয়, মাঠপর্যায়ে প্রত্যাশা অনুযায়ী কাজ করতে ব্যর্থ হলে ঘোষিত প্রার্থীদের তালিকায় পরিবর্তন আনা হতে পারে। সেক্ষেত্রে সম্ভাবনাময় অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বক্তব্য
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দলের প্রার্থীরা এখন থেকেই স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কাজ শুরু করবেন। তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার এখনো কোনো সুস্পষ্ট রূপরেখা দেয়নি। তাই নির্বাচন আয়োজনের বিষয়ে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করার দাবি জানিয়েছে এনসিপি।
উপজেলা চেয়ারম্যান ও মেয়র পদে এনসিপির ঘোষিত ১০০ প্রার্থী
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, বোদায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী শিশির আসাদ ও দেবীগঞ্জ উপজেলায় পৌর মেয়র প্রার্থী মাসুদ পারভেজ। পাশাপাশি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান প্রার্থী গোলাম মর্তুজা সেলিম, দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমরান চৌধুরী নিশাত, বোচাগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা এম এ তাফসির হাসান, ফুলবাড়ি পৌরসভায় পৌর মেয়র প্রার্থী শিহাব হোসেন, ঘোড়াঘাটে পৌর মেয়র পদপ্রার্থী মো. আব্দুল মান্নান ও হাকিমপুরে পৌর মেয়র প্রার্থী রায়হান কবির।
এদিকে নীলফামারীর জলঢাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ লিয়ন, নীলফামারী সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ড. কামরুল ইসলাম, কুড়িগ্রাম সদরের পৌর মেয়র প্রার্থী মো. মাসুম মিয়া, লালমনিরহাটের কালিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহ সুলতান নাসির উদ্দিন আহমেদ, রংপুরের সদরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণ চন্দ্র বর্মণ ও গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা চেয়ারম্যান পদে খাদিমুল ইসলাম এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় সদর উপজেলা চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম শফিক, উখিয়া উপজেলার চেয়ারম্যান পদে মোহাম্মদ হুসাইন, চাঁদপুর সদর উপজেলার চেয়ারম্যান পদে রশিদ, মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে ইদ্রিস, হোমনা পৌরসভা মেয়র পদে রাজু সরকার, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চেয়ারম্যান পদে আমিনুল হক এনসিপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।



