গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেছেন, এ অঞ্চলের সব প্রতিবন্ধীর দাবি বাস্তবায়ন করা হবে। কোনো প্রতিবন্ধী তার কাছে কোনো দাবি নিয়ে এলে খালি হাতে ফিরে যাবেন না। চাহিদার ভিত্তিতে ধাপে ধাপে তাদের দাবিগুলো বাস্তবায়ন করা হবে।
প্রতিবন্ধীদের প্রতি দায়বদ্ধতা
শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৫টায় কাশিমপুর ৩ নম্বর ওয়ার্ডের বারেন্দা এলাকায় মজিবুর রহমান ফাউন্ডেশন কার্যালয় সংলগ্ন মাঠে ‘মেয়র মজিবুর রহমান প্রতিবন্ধী ও অসহায় ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজিত ক্রেস্ট ও সম্মাননা প্রদান-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সমাজের যাদের অঙ্গহানি হয়েছে, যাদের হাত-পা নেই, কেউ চোখে দেখতে পান না কিংবা শারীরিক অন্যান্য সমস্যায় ভুগছেন—তারাও আমাদের আপন মানুষ। তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। তাদের ভালো থাকা ও কল্যাণের জন্য আমাদের সবার পাশে দাঁড়ানো উচিত। তারা যদি তাদের অধিকার পেয়ে ভালোভাবে বাঁচতে পারেন, তাহলে সমাজে বৈষম্য থাকবে না এবং মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে।
সংসদে দাবি উত্থাপন
এ আসনের মানুষের কল্যাণে তিনি ২১টি দাবি সংসদে উত্থাপন করেছেন জানিয়ে মজিবুর রহমান বলেন, এর মধ্যে এ অঞ্চলের বন্ধ শিল্পকারখানা চালুসহ নয়টি দাবি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে উপস্থিতি
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিমপুর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতব্বর। এ সময় উপস্থিত ছিলেন ডা. শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, কবির হোসেন, মাহমুদুল হাসান রাকিব, গোলাম মোস্তফা, সাথি আক্তারসহ স্থানীয় ব্যক্তিরা।



