চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে বর্তমান সরকারের কর্মকাণ্ড জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
নির্বাচনের সময়সীমা
এদিকে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ হতে নির্বাচন শুরুর পর ১০ মাস থেকে এক বছর লাগবে বলে মনে করেন তথ্য উপদেষ্টা। তবে উপজেলা পরিষদ বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত বর্তমান সরকার নেয়নি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।
উপজেলা পরিষদ প্রসঙ্গ
সরকার কি উপজেলা পরিষদ বিলুপ্ত করতে চায়-এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, উপজেলা বাতিল করে দেওয়ার কোনো সিদ্ধান্ত এই সরকার নেয়নি। এমপিদের অফিস দেওয়ায় উপজেলাকে খর্ব করা হচ্ছে-বিষয়টি সেরকম নয়। বরং উপজেলা পরিষদ আইনের ধারা ২৫ অনুযায়ী একজন সংসদ সদস্য উপজেলা পরিষদের উপদেষ্টা হিসেবেই আইনগতভাবে রয়েছেন।
তথ্য উপদেষ্টা বলেন, যদি তিনি আইনগতভাবে থাকেন, তাহলে কেউ বলতে পারেন এটি থাকা উচিত কি না-উপদেষ্টা থাকা-এটি একটি ভিন্ন বিতর্ক। কিন্তু অফিস দেওয়ার মাধ্যমে বিষয়টি নতুন করে খারাপ করা হয়েছে- এমনটা নয়। কারণ, একজন এমপি যেহেতু উপজেলা পরিষদের উপদেষ্টা, তার উপজেলা পরিষদে একটি অফিস থাকা স্বাভাবিক।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. শাহ আলম উপস্থিত ছিলেন।



