চট্টগ্রামের খাল-নালা সচল রাখতে সমন্বয় কমিটি গঠন
চট্টগ্রামের খাল-নালা সচল রাখতে কমিটি

চট্টগ্রাম মহানগরের সব খাল ও পানি নিষ্কাশনের নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে ১৯ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়।

কমিটির নেতৃত্ব ও সদস্য

কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। কমিটির বাকি সদস্যরা হলেন সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের প্রতিনিধি, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), জেলা প্রশাসক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারসহ (ট্রাফিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার প্রতিনিধি। এ ছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এবং পানি উন্নয়ন বিভাগের সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরাও কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

কমিটির দায়িত্ব ও ক্ষমতা

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি চট্টগ্রাম মহানগরীর খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থাকে সচল রাখতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন করবে। একইসঙ্গে জলাবদ্ধতা নিরসনসহ জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ উন্নয়ন ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি করবে। কমিটি প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় করবে। পাশাপাশি জনস্বার্থে প্রয়োজনীয় বিষয়ে সরকারকে সুপারিশ প্রদান এবং প্রয়োজনে বিভিন্ন দফতর বা সংস্থার প্রতিনিধিকে কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে কমিটির।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ