চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) রবিউল হাসান বলেছেন, 'এখন থেকে কিশোরগ্যাং যাদেরকে ধরবো তাদেরকে তাবলীগে পাঠাবেন।' বুধবার (৩ জুন) চাঁদপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কিশোরগ্যাংয়ের দৌরাত্ম্যের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তাবলীগে পাঠানোর পরিকল্পনা
পুলিশের এ কর্মকর্তা বলেন, 'কিশোরগ্যাংয়ের কেউ আটক হলে তাবলীগে পাঠানোর বিষয়টি আমার পরিকল্পনায় রয়েছে। যদি একজন ছেলে মাদকসেবী হওয়ার কারণে তার বাবা-মা ও আত্মীয়-স্বজনসহ পরিবার সদস্যরা অত্যন্ত কষ্ট এবং অশান্তির মধ্যে পড়ে। ওই ছেলেটি ভালো হয়ে গেলে সংসারে টাকা-পয়সা দিতে না পারলেও মানসিক অশান্তি থেকে সবাই রক্ষা পাবে।'
মোটরসাইকেল দুর্ঘটনা ও চেকপোস্ট
পুলিশ সুপার বলেন, 'অনেক বাবা-মা শখ করে উঠতি ছেলেদের মোটরসাইকেল কিনে দিচ্ছে। সেটি আবার কয়েক বন্ধু মিলে ব্যাপক দ্রুতগতিতে চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে মারা যায়। ঈদের সময় দুর্ঘটনারোধে আমি চাঁদপুরের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসাতে বলেছিলাম। তিন দিনে অনেকগুলো মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং কোথাও কোন ধরনের দুর্ঘটনা ঘটেনি। কিন্তু মঙ্গলবার চেকপোস্ট বসানো হয়নি আর সেদিনই মোটরসাইকেল দুর্ঘটনায় দুই জন মানুষ মারা গেছে- এটি আমার কাছে অত্যন্ত কষ্টের। রেজিস্ট্রেশনবিহীন কোনও গাড়ি চালানো যাবে না।'
অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ, টিআই প্রবীর দাস প্রমুখ।



