পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারা
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমরা গ্রামে শুক্রবার রাতে বিএসএফের পুশইন ঠেকাতে গ্রামবাসী রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘালয় রাজ্য সীমান্তের গোমরা গ্রামবাসী পৃথক চারটি গ্রুপে ১৫ থেকে ২০ জনের দল জিরো পয়েন্টের কাছাকাছি বসে এই পাহারা বসিয়েছে।
বৃহস্পতিবার রাতে পুশইন চেষ্টা ব্যর্থ
গত বৃহস্পতিবার গভীর রাতে এই সীমান্ত দিয়ে বিএসএফ চারজনকে পুশইনের চেষ্টা চালায়। কিন্তু বিজিবি সদস্যরা সেই পুশইন ব্যর্থ করেন। গ্রামবাসীদের ধারণা, ভারতের বিএসএফ রাতের আধারে আবারও পুশইনের চেষ্টা করবে।
গ্রামবাসী ও বিজিবির সতর্কতা
গোমরা গ্রামের স্থানীয় যুবদল নেতা আনোয়ার হোসেন জানান, তাদের কাছে খবর আছে সীমান্তের ওপারে প্রায় ২০০ মানুষকে এনে রেখেছে বিএসএফ। তাদেরকে এই সীমান্ত দিয়ে যেকোনো সময় পুশইন করতে পারে বিএসএফ। তাই তারা দিনব্যাপী এবং রাত জেগে এই সীমান্ত এলাকায় পাহারা বসিয়েছে। তাদের পাশাপাশি স্থানীয় বিজিবি সদস্যরাও সতর্ক রয়েছে বলে তিনি জানান।
বিজিবি কর্মকর্তার বক্তব্য
এ বিষয়ে ময়মনসিংহের ৩৯ বিজিবি সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার গভীর রাতে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় বিএসএফের পুশইন ঠেকানো হয়েছে। গ্রামবাসীর মতো আমাদেরও সতর্ক টহল রয়েছে।



