নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে সীমান্তবর্তী একটি নালায় মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকটি শিশু কাদার নিচে মর্টার শেলটি দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) জানায়।
মর্টার শেলের অবস্থান ও আকার
বিজিবির ৩১ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১১৯৫/১০-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মর্টার শেলটি পাওয়া যায়। এটি প্রায় ৬০ মিলিমিটার আকারের একটি অবিস্ফোরিত মর্টার শেল।
ঘটনার বিবরণ
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাসিন্দা মো. আমজাদ আলী (৩০) শিশুদের কাছ থেকে বিষয়টি জানতে পেরে নালা থেকে মর্টার শেলটি এনে নিজের বাড়ির পাশে নিরাপদ স্থানে রাখেন এবং তাৎক্ষণিকভাবে ভবানীপুর বিওপিকে খবর দেন। খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি শনাক্ত করে। পরে নিরাপত্তার স্বার্থে সেটিকে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা হয় এবং ঘটনাস্থলে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
নিষ্ক্রিয় করার উদ্যোগ
বিজিবি জানায়, সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল দলের সঙ্গে সমন্বয় করে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে শেলটি ধ্বংস করার পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।



