চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় একটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রমকালে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার দুধপাতিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ও আহতদের পরিচয়
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক রাজু মিয়া (২৪)। তিনি ওই এলাকার সাড়াবাড়িয়া দর্শনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অপরজন হলেন- আব্দুল্লাহ (২৪)। তিনি সদর থানার দশমাইল দশমী এলাকার বাসিন্দা। আহত ব্যক্তি হলেন দামুড়হুদা উপজেলার ডুগডুগী গ্রামের রহিদুল ইসলামের ছেলে আব্দুল কাদের (২৫)।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে তিনজন আরোহী দুধপাতিলা গ্রামের অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলেন। এসময় দ্রুতগতির একটি ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং বেশ কিছুদূর টেনে-হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশের বক্তব্য
দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দামুড়হুদা উপজেলার দুধপাতিলা গ্রামের এক বন্ধুর বাড়ি দাওয়াত খেয়ে ফেরার পথে এ দুর্ঘটনার কবলে পড়ে। রেলওয়ে জিআরপি ফাঁড়ির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করবেন।



