কুমিল্লায় দুই ভাইয়ের পক্ষে সংঘর্ষ, থানা ফটকে হামলায় আহত ২
কুমিল্লায় দুই ভাইয়ের পক্ষে সংঘর্ষ, আহত ২

কুমিল্লার তিতাস থানা ফটকের সামনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। ঘটনার পর তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে পুলিশ। মামলার পর তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঘটনার বিবরণ

গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। হামলার ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও পরে ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়।

আহত দুজন হলেন উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের শাহ আলম (৪৫) ও তাঁর স্বজন রুবেল মিয়া (২৮)। অন্যদিকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহ আলমের ভাই কামাল হোসেনের ছেলে সাগর (২৩) ও আবু তাহের (২৬) এবং জামাতা ফাহিম (২৫)।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিরোধের কারণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাগেরচর গ্রামে বসতঘর নির্মাণকে কেন্দ্র করে দুই ভাই শাহ আলম ও কামাল হোসেনের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকালে এ বিরোধের জেরে তাঁদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষ লিখিত অভিযোগ দিতে তিতাস থানায় আসে।

এক পক্ষ অভিযোগ জমা দিয়ে থানা ফটকে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধ হয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালাচ্ছেন এবং ইটপাটকেল নিক্ষেপ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে আটক করে।

পুলিশের বক্তব্য

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, শাহ আলম ও কামাল হোসেন নামের দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আগেই মীমাংসা হয়েছিল। তবে গতকাল উভয় পক্ষ লিখিত অভিযোগ দিতে থানায় এসে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।

থানা ফটকের সামনে হামলার ঘটনায় গতকাল রাতে শাহ আলম বাদী হয়ে একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করে ওসি বলেন, ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বৃহস্পতিবার কুমিল্লা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ