লেবানন ইস্যুতে সাম্প্রতিক এক ফোনালাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘ভবন উড়িয়ে দেওয়া বন্ধ করতে’ বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফোনালাপে বাড়ছে উত্তেজনা
প্রতিবেদন অনুযায়ী, দুই নেতার ঘন ঘন ফোনালাপ আগের তুলনায় এখন অনেক বেশি উত্তেজনাপূর্ণ ও বৈরী হয়ে উঠেছে। ট্রাম্পের মন্তব্য শুনেছেন এমন এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প তার উপদেষ্টাদের কাছে হতাশা ব্যক্ত করে বলেছেন যে নেতানিয়াহু ‘সবাইকে বোমা মেরে ওড়াতে চান’। প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তাও জানিয়েছেন, সামরিক অভিযানের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্রমাগত অনুরোধে ট্রাম্প এখন ক্লান্ত ও বিরক্ত।
নেতানিয়াহুর কৌশলে ক্লান্ত ট্রাম্প
ওই কর্মকর্তা বলেন, নেতানিয়াহু প্রেসিডেন্টকে বলেন কেন তাকে কিছু একটা উড়িয়ে দিতে হবে, কেন ইসরায়েলি গোয়েন্দারা তা করতে জানে এবং কখন তা করা উচিত। প্রেসিডেন্ট শোনেন। সাধারণত ফোনালাপগুলো একই ধরনের হয়।
অর্থনৈতিক চাপের শঙ্কা
নেতানিয়াহুর সঙ্গে আরেকটি ফোনালাপে ট্রাম্প উদ্বেগ প্রকাশ করেন যে, ইরান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক চাপ তাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট হার্বার্ট হুভারের সঙ্গে তুলনার মুখে ফেলতে পারে। ১৯৩০-এর দশকের মহামন্দার সময় হুভারের ব্যর্থতার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন।
প্রকাশ্যে বাড়ছে সমালোচনা
সাম্প্রতিক সময়ে প্রকাশ্যেও নেতানিয়াহুর সমালোচনা বাড়িয়েছেন ট্রাম্প। চলতি মাসের শুরুতে এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেন, এক ফোনালাপে তিনি ইসরায়েলি নেতাকে ‘পাগল’ বলে অভিহিত করেছিলেন। এছাড়া চলতি সপ্তাহের শুরুতে অ্যাক্সিওসকে তিনি জানিয়েছেন, বৈরুতে ইসরায়েলি হামলার পর নেতানিয়াহুকে তিনি বলেছেন যে তার কোনও বিচারবোধ নেই।



