সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড মালিকের গাড়ি থামিয়ে চাঁদা, কর্মকর্তা মারধর
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড মালিকের গাড়ি থামিয়ে চাঁদা দাবি

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড মালিকের গাড়ি থামিয়ে চাঁদা দাবি, কর্মকর্তাকে মারধর

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক শিপ ব্রেকিং ইয়ার্ড মালিকের গাড়ির গতিরোধ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি শেষে না পেয়ে ইয়ার্ডের কর্মকর্তাদের মারধর করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যার এ ঘটনায় আহত এক কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মূল হোতা জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে। রোববার তাকে কোর্টহাজতে প্রেরণ করা হয়েছে।

ঘটনার বিবরণ

এ মামলার এজাহার ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় সীতাকুণ্ডের সোনাইছড়ি সাগরপাড়ে অবস্থিত বিওবি রিসাইক্লাস শিপ ইয়ার্ডের এমডি এসএম নুরুন নবী ব্যক্তিগত গাড়ি নিয়ে শিপইয়ার্ড থেকে যাবার সময় খোঁজারপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিমে ৭-৮ জন সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে। পরে তারা জোরপূর্বক এসএম নুরুন নবীকে গাড়ি থেকে নামিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল শুরু করে। এ ঘটনা দেখতে পান গাড়ির পেছনে আসা বিওবি রিসাইক্লাস শিপইয়ার্ডের পাবলিক রিলেশন অফিসার মো. আলমগীর হোসেন, কোম্পানির পরিচালক নাজমুল হুদা, ভূমি অফিসার অহিদুর রহমান, ইয়ার্ড ম্যানেজার সাহাবউদ্দিন।

এমডিকে দুষ্কৃতকারীরা ঘিরে রেখে অকথ্য গালাগাল করতে দেখে এগিয়ে এলে সন্ত্রাসী দলের নেতৃত্বে থাকা মো. জাহাঙ্গীরসহ (৪৬) তার সঙ্গে থাকা ৬-৭ জন লাঠি দিয়ে তাদের এলোপাতাড়ি পেটাতে শুরু করে; কিন্তু তারা মারধর খেয়েও এমডিকে গাড়িতে তুলে সরিয়ে দিলে জাহাঙ্গীর আরও ক্ষিপ্ত হয়ে পিআরও আলমগীরকে হত্যার উদ্দেশ্যে মাথায় সজোরে লাঠির আঘাত করে। আঘাত থেকে বাঁচতে তিনি হাত দিলে হাত ফেটে রক্তাক্ত জখম হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মামলা ও গ্রেফতার

পরে এ ঘটনার প্রতিকার চেয়ে রাতে বিওবি রিসাইক্লার্স শিপইয়ার্ডের পাবলিক রিলেশন অফিসার মো. আলমগীর হোসেন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চাঁদা দাবি, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে জাহাঙ্গীরসহ অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করা হয়। পরে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে প্রধান আসামি সোনাইছড়ি বক্তারপাড়া এজাহার মেম্বার রোড এলাকার বাসিন্দা মুফিজুর রহমানের ছেলে জাহাঙ্গীরকে গ্রেফতার করে।

এ মামলার বাদী বিওবি রিসাইক্লার্স শিপইয়ার্ডের পিআরও মো. আলমগীর হোসেন বলেন, জাহাঙ্গীর ও তার দলবল চাঁদার দাবিতে আগেও তাদের ইয়ার্ডে গিয়ে নানান ঝামেলা করেছে। সর্বশেষ ৫ লাখ টাকার জন্য এমডি স্যারের গাড়ির গতিরোধ করে তাকে নামিয়ে ফেলে। আমরা বাধা দিতে চাইলে আমাদেরও পিটিয়ে জখম করে এবং আমাদের সঙ্গে থাকা টাকাও লুট করে। আমি মামলা করলে পুলিশ তাকে গ্রেফতার করে চালান দিয়েছে।

সীতাকুণ্ড থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে, আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।