খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত ব্যক্তির নাম মো. মোশারফ হোসেন (৬০)। তিনি মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার মৃত চান মিয়ার ছেলে। দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনেরা জানান, ট্রাকটি তিনটহরী বাজার পার হয়ে মহামুনির দিকে যাচ্ছিল। স্থানীয় দুলা মেম্বারের বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সঙ্গে ট্রাকটির সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশার যাত্রী মোশারফ হোসেন আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে সাতটার দিকে তাঁর মৃত্যু হয়।
আইনি ব্যবস্থা
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।



