রাজধানীর যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। এর অংশ হিসেবে মহাখালী বাস টার্মিনালের বাসগুলোর ডিপো অস্থায়ীভাবে পূর্বাচলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সোমবার (১৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নিয়ে তৃতীয় সভা শেষে এসব কথা জানান যোগাযোগ বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান ও রাজধানীর দুই সিটি করপোরেশনের প্রশাসক।
যানজট নিরসনে পরিকল্পনা
ড. মো. হাদিউজ্জামান বলেন, যানজট নিরসনে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। হকারদের বিকল্প কর্মসংস্থান ও ফুটপাত জনসাধারণের চলাচলের উপযোগী করার বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পে অনেক বিনিয়োগ হয়ে গেছে, ১২ বছর অনেক ভোগান্তি হয়েছে। এখন পরিত্যক্ত ঘোষণা করলে বাজে উদাহরণ হবে। এ প্রকল্পকে কীভাবে ইমপ্রুভ, পাবলিক ট্রান্সপোর্ট করিডোর হিসেবে ব্যবহার করা যায়, বিনিয়োগের সর্বোচ্চ ব্যবহার কীভাবে করা যায়, জনগণ যেন সর্বোচ্চ সুবিধা পায় সেটি নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। তিনজন বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন তিনি। আগামী ৭ দিনের মধ্যে বিকল্প উপস্থাপন করা হবে।
টার্মিনাল কেন্দ্রিক যানজট নিরসন
এই যোগাযোগ বিশেষজ্ঞ বলেন, ঢাকা শহরে টার্মিনাল কেন্দ্রিক যানজট নিরসন নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে। মহাখালী টার্মিনালের বাসগুলোর ডিপোর জন্য অস্থায়ীভাবে পূর্বাচলে জায়গা নির্ধারণ করা হয়েছে। যাত্রী নেওয়ার সময় টার্মিনালে আসবে। সায়েদাবাদ, ফুলবাড়িয়া বাস টার্মিনালের জন্যও অস্থায়ী বিকল্প জায়গা দেখা হয়েছে। স্থায়ী জায়গা নিয়েও কাজ চলবে। আগামী সপ্তাহে শাহবাগে ট্রাফিক সিগন্যাল চালু হতে যাচ্ছে বলে জানান।
সিটি করপোরেশনের নির্দেশনা
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম বলেন, সায়েদাবাদ বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া কাঁচপুরে আন্তঃজেলা বাস টার্মিনাল দ্রুত বাস্তবায়নের নির্দেশও দেওয়া হয়েছে। তিনি বলেন, গুলিস্তান থেকে টার্মিনাল সরানোর উদ্যোগ নেওয়া হবে। হকারদের উচ্ছেদ না করে আবার বিশৃঙ্খল অবস্থাতেও না রেখে কীভাবে সুশৃঙ্খল ব্যবস্থাপনার আওতায় আনা যায়, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, মহাখালী এলাকায় রাস্তার ওপর যাতে বাস দাঁড়িয়ে না থাকে, সেজন্য প্রাথমিকভাবে পূর্বাচলে বাস ডিপো স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এ কাজে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় সহযোগিতা করবে।



