ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু, পরিবারে শোকের মাতম
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

ফেনীর ফুলগাজী উপজেলায় পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাকিয়া আক্তার (৩৮) ও তাঁর মেয়ে ওয়াহিদা আক্তার (২০) নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে ক্যানসার আক্রান্ত এক স্বজনকে দেখে বাড়ি ফেরার পথে ফুলগাজী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে মোহাম্মদ কাউছার (৩২) নামের আরও একজন মারা যান।

লাশবাহী গাড়িতে বাড়ি ফেরা

আজ রোববার সকালে প্রায় ১০ ঘণ্টা পর লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে বাড়ি ফেরে জাকিয়া ও ওয়াহিদার মরদেহ। ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের মজুমদার বাড়ির উঠানে সারি সারি চেয়ার পাতা ছিল। উঠান-সংলগ্ন দোতলা ঘরের পাশেই লাশবাহী গাড়িতে কাফনে মোড়ানো দুটি মরদেহ রাখা হয়। সেখানে দাঁড়িয়ে দোয়া ও দুরুদ পড়ছিলেন কয়েকজন নারী। বাড়ির ভেতর থেকে থেকে কান্না ও আহাজারির শব্দ আসছিল।

শোকে স্তব্ধ পরিবার

মা ও বোনকে হারিয়ে বাক্রুদ্ধ হয়ে পড়েছেন জাকিয়ার অপর দুই সন্তান আশরাফুল ইসলাম ও মেহজাবিন। জাকিয়ার মা সত্তরোর্ধ্ব মোমেনা খাতুন সবাইকে চিনতে পারেন না, কিন্তু মেয়ে ও নাতনির নাম ধরে ডাকছিলেন। তিনি জোর জোরে বিলাপ করছিলেন। মেয়ে জাকিয়া ও তিন নাতি-নাতনির সঙ্গেই থাকতেন মোমেনা খাতুন। সংবাদ শোনার পর থেকে তিনি মুখে কিছু তোলেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রবাসী স্বামীরা দেশের পথে

জাকিয়ার স্বামী নূরের সফা মজুমদার সৌদি আরবপ্রবাসী। ১৯৯৪ সাল থেকে তিনি সৌদি আরবে আছেন। স্ত্রী-সন্তানের দাফনের জন্য আজ সকালে বিমানে উঠেছেন তিনি। আর ওয়াহিদার স্বামী কাজী আজাদ হোসেন ইতালিপ্রবাসী। তিনিও দেশের পথে রওনা দিয়েছেন। তাঁরা ফিরলেই দুজনের দাফন হবে।

পরিবারের শোকের ইতিহাস

নিহত জাকিয়ার বড় বোন দুবাইপ্রবাসী মনোয়ারা বেগম বলেন, আজ থেকে ১৪ বছর আগে ২০১২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনায় মারা যান এই বাড়ির আরেক নারী সুলতানা রাজীয়া। সুলতানা রাজীয়া জাকিয়ার ভাবি হন। ১৪ বছরের ব্যবধানে বাড়ির আরও দুই নারী একইভাবে নিহত হলেন। শোকের সেই পরিবেশ দ্বিগুণ হয়ে ফিরে এসেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাকিয়ার ভাশুর শাহ আলম মজুমদার বলেন, পাশের গ্রাম দৌলতপুরে গিয়েছিলেন মা ও মেয়ে। ফেরার আগে রাতে বাড়িতে ফোন করে ছেলের সঙ্গে কথাও বলেছিলেন জাকিয়া। জানিয়েছিলেন, দ্রুতই ফিরবেন। কিন্তু আর ফেরা হলো না।