ভারতের বিভিন্ন নিরাপত্তা বাহিনী সোমবার দেশটির কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 'চিকেনস নেক' করিডোরের কাছে একটি সমন্বিত মহড়া পরিচালনা করেছে। অনলাইন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, জরুরি পরিস্থিতিতে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় ও দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করাই এই মহড়ার প্রধান উদ্দেশ্য ছিল।
জলপাইগুড়িতে যৌথ মহড়া
জলপাইগুড়ি এলাকায় অনুষ্ঠিত এই যৌথ মহড়ায় দেশটির সীমান্তরক্ষী বাহিনী এসএসবি (শস্ত্র সীমা বল), পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) অংশ নেয়। মহড়াটি জলপাইগুড়ি জেলার একটি গুরুত্বপূর্ণ পরিবহন সেতু জলঢাকা সেতুতে অনুষ্ঠিত হয়, যা হঠাৎ কোনো নিরাপত্তা হুমকি মোকাবিলার প্রস্তুতি হিসেবে পরিচালিত হয়।
মহড়ার মূল উদ্দেশ্য
মহড়ার মূল লক্ষ্য ছিল যেকোনো বড় সংকট বা জরুরি অবস্থায় বিভিন্ন নিরাপত্তা সংস্থার মধ্যে দ্রুত ও কার্যকর সমন্বয় নিশ্চিত করা। এসএসবির শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ধূপগুড়ি ও ময়নাগুড়ি থানার পুলিশ কর্মী এবং জলপাইগুড়ি রোড রেলওয়ে স্টেশনের আরপিএফ কর্মকর্তারা এই যৌথ মহড়ায় অংশ নেন। উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকায় অবস্থিত জলঢাকা সেতু 'চিকেনস নেক' অঞ্চলের পরিবহন ও নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনা।
যুদ্ধকালীন পরিস্থিতির প্রস্তুতি
মহড়ায় সিমুলেট করা হয় কীভাবে প্যারামিলিটারি বাহিনী দ্রুত অবস্থান নেবে এবং স্থানীয় পুলিশ ও রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, যদি জরুরি বা যুদ্ধকালীন পরিস্থিতিতে সেতুতে কোনো নিরাপত্তা হুমকি দেখা দেয়।



