চট্টগ্রাম নগরের শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুটি আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন মো. নাজিম উদ্দিন (৪৮) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৪০)। তাঁরা নগরের চকবাজার এলাকার ডিসি রোডের বাসিন্দা।
দুর্ঘটনার বিবরণ
পুলিশ জানায়, বিকেল পৌনে পাঁচটার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর কনভেনশন হলের সামনে স্কুটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে স্বামী-স্ত্রী গুরুতর আহত হন। পরে পথচারীদের সহায়তায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
নিহতদের হাসপাতালে আনয়নকারী পথচারী শহিদুল ইসলাম বলেন, ‘দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে তাঁদের হাসপাতালে আনা হয়। যতটুকু শুনেছি, স্কুটিটি সামনে ছিল আর কাভার্ড ভ্যানটি পেছনে। নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটি স্কুটিকে ধাক্কা দেয়।’
পুলিশের বক্তব্য
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ সোহেল রানা প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় আহত স্বামী-স্ত্রীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশ বর্তমানে হাসপাতালের লাশঘরে রাখা আছে।



