গাজীপুরের শ্রীপুরে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ডভ্যান চাপায় রাকিব হাসান (৪২) ও বিথী আক্তার (২৭) নামে এক দম্পতি এবং তাদের ৮ মাসের শিশুসন্তান নুর নিহত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার বেড়াইদেরচালা ২ নং সিঅ্যান্ডবি বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে বিথী আক্তার মারা যান। আহত অবস্থায় রাকিব হাসানকে শ্রীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। আর তাদের শিশুপুত্র নুরকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শ্রীপুর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তারও মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
নিহতদের পরিচয়
নিহত দম্পতি হলেন পিরোজপুর জেলার সদর উপজেলার উত্তর রানীপুর গ্রামের মৃত সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার এবং তাদের শিশুসন্তান নুর। রাকিব হাসান স্থানীয় ডেনিম্যাক লিমিটেড নামক একটি কারখানায় মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। তারা শ্রীপুরের চন্নাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীর বক্তব্য
রাকিবের খালাতো বোন মরিয়ম বেগম জানান, গাড়ি চাপা দেওয়ার সময় শিশুটি মায়ের কোলে ছিল। এ সময় শিশুটিকে ছুঁড়ে মারেন তার মা। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ডেনিম্যাক লিমিটেড কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা শাহিনুর আলম বলেন, দুপুরের বিরতিতে রাকিব হাসান তার স্ত্রীকে নিয়ে বাসায় ফিরছিলেন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।
আইনগত পদক্ষেপ
ওসি কামরুজ্জামান জানান, দুর্ঘটনার পর ঘাতক চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।



