ভারতে শুকনো কাঠ সংগ্রহে গিয়ে পাথরের ফাঁকে বাংলাদেশির লাশ উদ্ধার
ভারতে শুকনো কাঠ সংগ্রহে গিয়ে পাথরের ফাঁকে লাশ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তের ১২৬০ নম্বর পিলার সংলগ্ন পাহাড়ি তুরং ছড়ার পানিতে পাথরের ফাঁকে আটক অবস্থায় এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুন) বিকাল ৩টায় নিখোঁজ শ্রী নিক্ক কন্দ জানী (৫৪)-এর লাশ খুঁজে পান তার ভাই নিখিল কন্দ জানী।

ভারতে কাজ করতে গিয়ে নিখোঁজ

নিহত শ্রী নিক্ক কন্দ জানী উপজেলার দমদম সীমান্তঘেঁষা তুরং গ্রামের কুলিবস্তি এলাকার মৃত শুকরিয়া কন্দ জানীর ছেলে। স্থানীয়রা জানান, ভারত সীমান্ত লাগোয়া তুরং গ্রামের অনেকেই প্রতিদিন ভারতের অভ্যন্তরে খাসিয়াদের ফল ও সুপারি বাগানে শুকনো কাঠ ও ফলের বিনিময়ে কাজ করেন। বুধবার সকাল ৯টার দিকে প্রতিদিনের মতো কাজ করতে কয়েকজনের সঙ্গে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করেন শ্রী নিক্ক কন্দ জানী। দুপুরের মধ্যে তার সঙ্গের সবাই ফিরে আসেন নিজ নিজ বাড়িতে, কিন্তু তিনি ফিরে না আসায় তাঁর ভাই খোঁজে বের হন।

লাশ উদ্ধার ও মৃত্যুর কারণ

খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টায় পাহাড়ি তুরং ছড়ার পানিতে পাথরের ফাঁকে আটক অবস্থায় তার লাশ দেখতে পান নিখিল। পরে সন্ধ্যায় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা। লাশের মাথা, চোখ ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিচ্ছিল পাথরে পা পিছলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবি ও পুলিশের বক্তব্য

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক। তিনি বলেন, বিএসএফ বা ভারতীয় খাসিয়াদের গুলির কোনো ঘটনা ঘটেনি। কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম খান যুগান্তরকে বলেন, বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ