রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে চায়নিজ পিস্তলসহ অস্ত্র উদ্ধার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি চায়নিজ পিস্তল, ৭.৬২ তাজা গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযানের নেতৃত্ব ও উপস্থিতি
অভিযানে নেতৃত্ব দেন মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি চৌকস দল উপস্থিত ছিল।
গোয়েন্দা তথ্য ও অভিযানের পটভূমি
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে রাতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান সীমান্ত দিয়ে বাঘাইছড়িতে প্রবেশ করতে পারে। সেই চালান আটক করার জন্য বিজিবি দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। আনুমানিক রাত ১২টার পরে ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় উক্ত ব্যক্তিরা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জামাদির তালিকা
- একটি চায়নিজ পিস্তল
- ৯ পিস ৭.৬২ তাজা গুলি ও খোসা
- দেশীয় একনলা বন্দুক ও ৭টি খালি খোসা
- ২টি বড় ও ৩টি ছোট চায়নিজ চাপাতি
- ২টি দেশীয় হাঁসুয়া
- ১টি হাতুড়ি
- ১টি গুলতি
- ১৩টি মার্বেল
বিজিবি অধিনায়কের বক্তব্য
এ বিষয়ে বিজিবির মারিশ্যা জোনের (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, "এ চোরাচালানের গডফাদার ও এর পেছনে যারা ছড়িত তাদের খোজার চেষ্টা করছি। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।"
তিনি আরও যোগ করেন, "সাম্প্রতিক সময়ে দুষ্কৃতিকারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।"



