বিজিবির ফেব্রুয়ারি মাসের অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ
বিজিবির অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান জব্দ

বিজিবির ফেব্রুয়ারি মাসের অভিযানে ১৩১ কোটি টাকার চোরাচালান ও মাদক জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে গত ফেব্রুয়ারি মাসে ব্যাপক অভিযান চালিয়ে ১৩১ কোটি ১৯ লাখ ৭২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালানের পণ্যসামগ্রী ও মাদকদ্রব্য জব্দ করেছে। বৃহস্পতিবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিযানে আটক ও জব্দকৃত পণ্যের বিশদ বিবরণ

অভিযানে চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪১ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১৩ জনকে আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১ কেজির বেশি সোনা, ১০ হাজার ৮৭৮টি শাড়ি, ৪ হাজার ৯২০টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ১১ হাজার ৬৪২টি তৈরি পোশাক এবং ৮৮৭ মিটার থান কাপড়। এ ছাড়া ৪ লাখ ১৩ হাজার ৪৮৯টি কসমেটিক, ২ হাজার ৪৬৪টি ইমিটেশনের গয়না এবং ১৮ লাখ ৮৩ হাজার ৫৪৫টি আতশবাজি জব্দ করা হয়েছে।

অভিযানে আরও উদ্ধার করা হয়েছে ৩ হাজার ৬৪৬ ঘনফুট কাঠ, ১৩ হাজার ৮৫২ কেজি চা–পাতা, ৮ হাজার ৪৭৪ কেজি সুপারি, ১৭ হাজার ৪৭২ কেজি কয়লা এবং ৫৫ হাজার ২৬০ ঘনফুট বালু। এছাড়া ১৯৫টি মুঠোফোন, ৪ হাজার ৯২৮টি মুঠোফোনের ডিসপ্লে, ৫ হাজার ৬৪৩টি চশমা, ২৯ হাজার ৪৭৭ কেজি জিরা, ১৬ হাজার ২৯২ কেজি চিনি, ৩৩ হাজার ৮৭০ কেজি পেঁয়াজ ও ১ হাজার ২০৪ কেজি রসুন জব্দ করা হয়েছে।

মাদক ও অস্ত্র উদ্ধার

গত মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করে। উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১৭ লাখ ৯ হাজার ৮০টি ইয়াবা বড়ি, ২ কেজি ২৬৮ গ্রাম হেরোইন, ২ হাজার ১৯৯ বোতল ফেনসিডিল এবং ১ কেজি ২৪৪ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস)। এ ছাড়া ৬ হাজার ৪৫৮ বোতল বিদেশি মদ, ১০০ লিটার বাংলা মদ, ১ হাজার ৩৬৮ ক্যান বিয়ার এবং ৯৩৭ কেজি ৩৫০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়।

মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে আরও রয়েছে ১ লাখ ৬১ হাজার ৮৫৩ প্যাকেট বিড়ি ও সিগারেট, ২১২ কেজি বিড়ি তৈরির মসলা, ১ লাখ ৯৯ হাজার ৫৪টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ২ হাজার ৪৭৭ বোতল ইস্কাফ সিরাপ, ৯ হাজার ৩৬১টি এনেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, ২৫০ গ্রাম কোকেন এবং ৩ লাখ ১৯ হাজার ৮৬৩ পিস বিভিন্ন ধরনের ওষুধ।

বিজিবির অভিযানে ফেব্রুয়ারি মাসজুড়ে অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১৩টি বিদেশি ও দেশি পিস্তল, একটি রাইফেল, ১৬টি ম্যাগাজিন, ১৬০টি গুলি, ১৬টি ককটেল, ৮২টি বৈদ্যুতিক ডেটোনেটর, ৩ কেজি গানপাউডার এবং ২৪টি অন্যান্য অস্ত্র। এ ছাড়া ৫ কেজি ভারতীয় রাসায়নিক উপাদানও জব্দ করা হয়েছে।

যানবাহন ও অন্যান্য জব্দকৃত সামগ্রী

চোরাচালানে ব্যবহৃত জব্দ করা বিভিন্ন যানবাহনের মধ্যে রয়েছে ৮টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ৭টি ট্রাক্টর, ৭টি পিকআপ, ২টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ২টি ট্রলি, ২৯টি সিএনজি বা ইজিবাইক, ৩৪টি মোটরসাইকেল এবং ২৬টি বাইসাইকেল বা ভ্যান। এছাড়া ৩ হাজার ৫৫৬ প্যাকেট বীজ, ৪ হাজার ৭০১ কেজি সার, ২ হাজার ৩৯২ প্যাকেট কীটনাশক এবং ৯৪ হাজার ২২৭টি চকলেট উদ্ধার করা হয়। এ সময় ৬৩৮টি গরু ও মহিষ এবং তিনটি কষ্টিপাথরের মূর্তি জব্দ করা হয়েছে।

আটককৃত ব্যক্তিদের পরিচয়

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭৬ জন বাংলাদেশি নাগরিক, দুজন ভারতীয় নাগরিক এবং ১৩৫ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।