চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী রেল ওয়াগন লাইনচ্যুত, ১০ ঘণ্টা পর যোগাযোগ স্বাভাবিক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশনে ৪টি তেলবাহী রেল ওয়াগন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রহনপুর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ প্রায় ১০ ঘণ্টা বন্ধ ছিল। পরে উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে।
ঘটনার বিস্তারিত বিবরণ
বৃহস্পতিবার ভোর প্রায় ৫টার দিকে আমনুরা রেলস্টেশনের পাশে একটি তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রে তেলবাহী ওয়াগন নিয়ে আসছিল ট্রেনটি। এ সময় লাইনচ্যুতি ঘটলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশনের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস (১৬ ডাউন), লোকাল পূণর্ভবা এবং রহনপুর কমিউটার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
উদ্ধারকাজে সকাল ১০টায় ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছালেও উদ্ধারকাজ শুরুর কিছুক্ষণের মধ্যে সেটিও লাইনচ্যুত হয়ে পড়ে। পরবর্তীতে রেলওয়ের কর্মকর্তাদের চেষ্টায় ট্রেনটি উদ্ধার সম্পন্ন হলে ১০ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়দের অভিযোগ ও কর্তৃপক্ষের প্রতিক্রিয়া
স্থানীয়রা জানান, লাইনগুলো জরাজীর্ণ হওয়ায় মাঝে মধ্যেই এ ধরনের ঘটনা ঘটছে এবং জনসাধারণ দুর্ভোগে পড়ছে। চলতি মাসেই ৩ দফা এ ধরনের ঘটনা ঘটলেও রেল বিভাগ উদাসীন রয়েছে বলে তারা অভিযোগ করেন।
আমনুরা রেলস্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঈশ্বরদী থেকে রেলওয়ের উদ্ধারকারী দল সকাল ১০টা থেকে উদ্বারকাজ শুরু করে। দুপুর ৩টার কিছু পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি আরও জানান, এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি এবং তেলবাহী ওয়াগন লাইনচ্যুতির ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
ওয়াগনের উদ্দেশ্য ও প্রভাব
ওয়াগনগুলো খুলনা থেকে আমনুরা ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের জন্য ফার্নেস ওয়েল বহন করে আনছিল। এ নিয়ে সাম্প্রতিক সময়ে আমনুরা রেলওয়ে জংশনে অন্তত ৩ বার লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। আকস্মিক দুর্ঘটনার কারণে সকাল থেকেই সাধারণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ পোহাতে হয়েছে।
