আরাকান আর্মির হাত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরল ৭৩ বাংলাদেশি জেলে
কক্সবাজারের টেকনাফ উপকূল ও নাফ নদী এলাকা থেকে বিভিন্ন সময়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ৭৩ বাংলাদেশি জেলে দেশে ফেরত এসেছেন। তারা কক্সবাজারের বিভিন্ন এলাকার বাসিন্দা। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে বাংলাদেশ-মিয়ানমার ট্রানজিট জেটিঘাট দিয়ে তারা দেশে ফেরেন।
জেলেদের বন্দিজীবনের করুণ অভিজ্ঞতা
মিয়ানমার থেকে ফেরত শাহ পরীর দ্বীপের মোহাম্মদ ইলিয়াস জানান, ৬ মাস ৪ দিন আগে মাছ শিকারের সময় জলসীমা অতিক্রম করায় আমাদের ৫ জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। যার মধ্যে তার দুই ছেলে আক্কেল আলী ও মোহাম্মদ ইসলামও ছিল। তাদের মিয়ানমারের ভুশিডং জেলে রাখা হয়েছিল এবং অনেক নির্যাতন করা হয়েছে। তবুও বাংলাদেশ সরকার তাদের দেশে ফিরিয়ে আনায় তিনি ধন্যবাদ জানান।
স্থানীয় নেতাদের প্রতিক্রিয়া ও সরকারের ভূমিকা
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম জানান, তাদের সেন্টমার্টিনের ১২ জেলে মিয়ানমার থেকে দেশে ফিরে এসেছে। তাই তিনি সরকারকে ধন্যবাদ জানান এবং তাদের মতো আরও যারা বন্দি আছেন তাদের ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।
বিজিবির বিবৃতি ও মানবিক উদ্যোগ
টেকনাফ ব্যাটালিয়ন-২ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ শিকারের উদ্দেশ্যে গমনকৃত বেশকিছু বাংলাদেশি জেলে অনিচ্ছাকৃতভাবে দেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে তাদের আরাকান আর্মি কর্তৃক আটক করা হয়। পরবর্তীতে আটক জেলেদের মিয়ানমারের অভ্যন্তরে সংশ্লিষ্ট সংগঠনের নিয়ন্ত্রিত ক্যাম্পে স্থানান্তর করা হয় এবং বিভিন্ন মেয়াদে তারা সেসব ক্যাম্পে আটক অবস্থায় থাকে। তাদের মধ্য থেকে ৭৩ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।
তিনি আরও বলেন, মানবিক বিবেচনাকে অগ্রাধিকার দিয়ে কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনী কর্তৃক সমন্বিত উদ্যোগের ফলশ্রুতিতে, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের মাধ্যমে আটক জেলেদের ধাপে ধাপে প্রত্যাবর্তনের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়। এর ধারাবাহিকতায় সোমবার বিকালে প্রথম ধাপে মোট ৭৩ জন বাংলাদেশি জেলেকে নাফ নদীর শূন্য লাইনে আরাকান আর্মির নিকট হতে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে ফেরত আনা হয়েছে ও পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
