সুন্দরবনের উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে জেলে ও বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও চাঁদাবাজি করে আসা সশস্ত্র ডাকাত দল ‘মেজ জাহাঙ্গীর বাহিনী’র প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড।
অভিযানের বিবরণ
মঙ্গলবার (১২ মে) বেলা ১১টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, সুন্দরবন অঞ্চলে ডাকাত ও বনদস্যু গ্রুপগুলোর তৎপরতা দমনে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে বিশেষ অভিযান চলছে। ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় সোমবার মধ্যরাতে অভিযান চালায় কোস্টগার্ড।
গ্রেপ্তার ও জব্দ
অভিযানে মেজ জাহাঙ্গীর বাহিনীর প্রধান মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে আটক করা হয়। এ সময় বনের গহিনে তল্লাশি চালিয়ে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। মো. জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে এ বাহিনীর প্রধান হিসেবে সুন্দরবনে ডাকাতি এবং সাধারণ জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।
ডাকাত দলের সদস্য সংখ্যা
কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর স্বীকার করেন যে তার দলে ১৩ জন সক্রিয় সদস্য রয়েছে। জব্দ অস্ত্র ও গোলাবারুদসহ তাকে বিকালে খুলনার জেলার দাকোপ থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।



