ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের উলুকান্দি এলাকা থেকে রিমন মিয়া নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ মে) বিকালে শেখ হাসিনা কলেজ সড়কের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের পরিচয়
নিহত রিমন মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নতুন থোল্লাকান্দি গ্রামের ফোরকান মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, সোমবার বিকালে শেখ হাসিনা কলেজ সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে তারা বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের দাবি
স্থানীয়দের দাবি, নিহত যুবকের নাকের ওপরের অংশে গুলির চিহ্ন রয়েছে। নিহতের চাচাতো বোনের জামাই জয়নাল আবেদিন সাংবাদিকদের বলেন, কিছুদিন আগে বরিকান্দি এলাকায় কয়েকজনের সঙ্গে রিমনের মারামারির ঘটনা ঘটে। এরপর থেকে সে নরসিংদী বোনের বাড়িতে ছিল। সকাল থেকে বোনের বাড়িতে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাশের ছবি দেখে আমার শ্যালক রিমনের লাশটি নিশ্চিত হই। তবে কে বা কারা তাকে হত্যা করেছে সেটি এখনও নিশ্চিত নই।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এক যুবকের লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসাও উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।



