সীমান্ত হত্যা বন্ধে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া সফর
সীমান্ত হত্যা বন্ধে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া সফর

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশিদের পরিবারের প্রতি সংহতি জানাতে এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। মঙ্গলবার (১২ মে) উপজেলার গোপীনাথপুর সীমান্ত এলাকায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন দলটির নেতারা।

প্রতিনিধি দলের নেতৃত্বে কে?

এনসিপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের মুখ্য সংগঠক নাসীরুদ্দিন পাটওয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সীমান্ত এলাকায় গিয়ে সাম্প্রতিক সময়ে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত করবেন। পাশাপাশি নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেবেন এবং চলমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা করবেন।

এ সময় উপস্থিত থাকবেন- কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য উইং সমন্বয়ক ডা. আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মোস্তাক আহমেদ শিশির এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আদেল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দিনব্যাপী কর্মসূচি

কর্মসূচি অনুযায়ী, প্রতিনিধি দল বেলা সাড়ে ১১টায় কসবায় পৌঁছবে। পরে দুপুর সাড়ে ১২টায় গোপীনাথপুরের ধজনগর এলাকায় সীমান্ত শহীদদের কবর জিয়ারত করা হবে। দুপুর ১টায় নিহত ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে দুপুর ২টায় চন্ডিদ্বার এলাকায় বিজিবির স্থানীয় কমান্ডের সঙ্গে মতবিনিময় করবেন নেতারা। এরপর দুপুর আড়াইটায় কসবা উপজেলা এনসিপির কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এনসিপির নেতারা জানান, সীমান্তে বাংলাদেশি হত্যাকাণ্ড, মানবাধিকার পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা ইস্যুতে জনগণের উদ্বেগ তুলে ধরতেই এ সফরের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ