চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবক হত্যা, আহত শিশু
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে যুবক হত্যা, আহত শিশু

চট্টগ্রাম নগরের বায়েজিদ এলাকায় প্রকাশ্যে গুলি করে হাসান রাজু নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ সময় গুলিতে আহত হয়েছে ১২ বছরের এক শিশু। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদের বাঁশবাড়িয়া বিহারি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পাঁচ থেকে ছয়জন মাস্ক পরা অস্ত্রধারী গলির ভেতরে লোকজনের সামনে হাসান রাজুকে ধাওয়া করে। তারা 'ধর, ধর...' বলে চিৎকার করতে করতে রাজুকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। একপর্যায়ে পালাতে থাকা রাজু মাটিতে লুটিয়ে পড়েন। তখন তাকে পা দিয়ে চেপে ধরে মাথায় গুলি করে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য

ঘটনার প্রত্যক্ষদর্শী ফরিদা আক্তার বলেন, 'ধর, ধর... চিৎকার শুনে রান্নাঘর থেকে বের হয়ে দেখি পাঁচ থেকে ছয়জন মাস্ক পরা অস্ত্রধারী ব্যক্তি রাজুকে তাড়া করছে। কিছুক্ষণ পর টুসটাস শব্দ। হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে রাজু। এরপর তাকে পা দিয়ে চেপে ধরে একের পর এক গুলি করা হয়।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, 'গলির দুই পাশে বাসা। গুলির শব্দে সব বাসা থেকে লোকজন বের হয়েছে। তবে মাস্ক পরা ব্যক্তিদের হাতে অস্ত্র থাকায় কেউ এগিয়ে যেতে সাহস করেনি। রাজুকে গুলি করে অস্ত্রধারীরা দ্রুত চলে যায়। তারা যাওয়ার পর দেখে গুলিতে আহত হয়ে এক শিশুও গলিতে পড়ে আছে। তার চোখে আঘাত লেগেছে। শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

পুলিশের ধারণা

পুলিশ জানায়, রাউজানের নাসির খুনের বদলা নিতে পরিকল্পিতভাবে রাজুকে খুন করা হতে পারে। পলাতক সন্ত্রাসী মোহাম্মদ রায়হান এ ঘটনায় জড়িত থাকতে পারেন। কারণ, নিহত নাসির রায়হানের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। নগর ও রাউজানের অন্তত ১৪টি খুনের ঘটনায় রায়হানের নাম উঠে এসেছে। কিন্তু পুলিশ তাঁকে এখনো ধরতে পারছে না। রায়হান বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের পরিবারের বক্তব্য

নিহত রাজুর মা সখিনা বেগম রাতে প্রথম আলোকে বলেন, গত মাসের ১৪ তারিখ একটি কন্যাসন্তানের বাবা হয়েছেন হাসান রাজু। মেয়ের মুখে বাবা ডাক তাঁর শোনা হলো না। তিনি আরও বলেন, 'আমার ছেলে কোনো হত্যাকাণ্ডে জড়িত নয়। যারা আমার ছেলেকে মেরেছে, আমি তাদের শাস্তি চাই।'

নিহত রাজুর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর এলাকায়। কয়েক দিন আগে তিনি বোনের বাসায় বেড়াতে আসেন। তাঁর বোন রুমা আক্তার প্রথম আলোকে বলেন, নিহত রাজু পেশায় দিনমজুর। তাঁর সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না বলে জানান তিনি।

ঘটনাস্থলের চিত্র

রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গলির একটি অংশে ছোপ ছোপ রক্তের দাগ। আশপাশে উৎসুক লোকজনের ভিড়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাচ্ছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম প্রথম আলোকে বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল রাউজানের কদলপুর এলাকায় নাসির উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহত নাসিরের মেয়ে লাভলী আক্তার হাসান রাজুর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। নাসির প্রবাসফেরত ও যুবদলের কর্মী ছিলেন। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়নি।