লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্ত এলাকা থেকে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে মগলিবাড়ী সীমান্তে ড্রোন দিয়ে ভিডিও করার সময় এই ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৮৪১/৮এসের বাংলাদেশের অভ্যন্তরে ড্রোনটি ভুট্টাক্ষেতে আছড়ে পড়ে। এ সময় সীমান্তের অপর প্রান্তে অবস্থিত হিমালয় ক্যাম্পের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা ড্রোনটি উদ্ধারের চেষ্টা করছিলেন। তবে বিজিবি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ড্রোনটি নিজেদের হেফাজতে নেয়।
বিজিবির বক্তব্য
৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট ফজলে মুনীম বাংলা ট্রিবিউনকে জানান, ‘বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের শূন্য লাইন থেকে বাংলাদেশের ১০ গজ ভেতরে মগলিবাড়ী নামক স্থানে ড্রোনটি পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’
পুলিশের অবস্থান
এ বিষয়ে জানতে চাইলে সন্ধ্যা ৭টায় পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে নেই। মালামাল উদ্ধার ও জব্দের বিষয়ে থানায় আসার কথা। এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ আমাদের কাছে আসেনি।’
ঘটনাস্থলে বিজিবি ও বিএসএফের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ড্রোনটি উদ্ধারের পর সেটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।



