বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন উদ্ধার করল বিজিবি
বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন উদ্ধার করল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উড্ডয়ন করা একটি ড্রোন উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার (৫ মে) দুপুরে সীমান্তের শূন্যরেখার অভ্যন্তর থেকে ড্রোনটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ

সীমান্ত সূত্র ও বিজিবি জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্ত এলাকায় বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড়িয়ে ভিডিও করছিল। ৮৪১ নম্বর প্রধান পিলারের উপপিলার ৮-এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে ১৫-২০ গজ ভেতরে হঠাৎ যান্ত্রিক গোলযোগের কারণে ড্রোনটি একটি ভুট্টা খেতে আছড়ে পড়ে।

এ সময় ওই টহল দলের সদস্যরা ছাড়াও বেশ কিছু বিএসএফ সদস্য খেতের পাশে অবস্থান নেন। এতে খেতে কাজ করতে থাকা স্থানীয় কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে বুড়িমারী বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কৃষকদের সাথে নিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিজিবির বক্তব্য

বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, বিএসএফের উড্ডয়ন করা একটি ড্রোন স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমাদের হেফাজতে আছে।

বিজিবি রংপুর-৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট আমাদের বুড়িমারী বিজিবির কোম্পানির কমান্ডারের সাথে যোগাযোগ করেছে। তারা ড্রোনটির ব্যাপারে জানতে চেয়েছে। ড্রোনটি বিজিবির আওতায় রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ঘটনার পর থেকে এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্তে এ ধরনের ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে ইতিমধ্যে যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ