নেত্রকোনায় 'কই গেছিলি' বলায় পেটে ছুরি, যুবক নিহত
নেত্রকোনায় 'কই গেছিলি' বলায় পেটে ছুরি, নিহত ১

নেত্রকোনার দুর্গাপুরে কাঁধে হাত দিয়ে 'কই গেছিলি' জিজ্ঞেস করায় ক্ষিপ্ত হয়ে এক যুবকের পেটে ছুরি ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই যুবক নিহত হয়েছেন। ঘটনায় জড়িত মূল আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণ

শনিবার (২ মে) দিবাগত রাতে পৌর শহরের তেরীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম ওয়াহিদুল ইসলাম কেলিস (২৮)। তিনি ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে। নিহতের স্ত্রী মাহমুদা আক্তার জানান, রাত ১১টার দিকে তার স্বামী প্রস্রাব করতে বাসার সামনে বের হয়েছিলেন। এ সময় নূর মোহাম্মদ বাজার থেকে ফিরছিলেন। কেলিস তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করেন, 'কিরে কই গেছিলি?' এ নিয়ে ক্ষিপ্ত হয়ে নূর মোহাম্মদ কোমর থেকে ছুরি বের করে কেলিসের পেটে ঢুকিয়ে দেন।

কেলিস চিৎকার করলে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাতে ময়মনসিংহে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গ্রেফতার ও মামলা

ঘটনার পর পুলিশ রাতেই দুর্গাপুরের বাসা থেকে নূর মোহাম্মদের মা নূরনাহার ও তার ভগিনীপতি মাজেদুলকে গ্রেফতার করে। পরে ভোররাতে নেত্রকোনা শহরের মালনী এলাকা থেকে মূল আসামি নূর মোহাম্মদকে গ্রেফতার করা হয় এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। নূর মোহাম্মদ তেরীবাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেছেন। দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ইতোমধ্যে ঘটনার মূল হোতা নূর মোহাম্মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিহতের স্ত্রীর বক্তব্য

নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বলেন, 'আমার স্বামী প্রস্রাব করতে বাসার সামনে বের হয়েছিল। এ সময় নূর মোহাম্মদ বাজার থেকে আসছিলেন। পরে আমার স্বামী তার কাঁধে হাত রেখে জিজ্ঞেস করছিল কিরে কই গেছিলি। ওই সময় কাঁধে হাত দিলো কেন এ নিয়ে ক্ষিপ্ত হয়ে কোমর থেকে ছুরি বের করে আমার স্বামীর পেটে ঢুকিয়ে দেয়। এখন আমার দুই সন্তান এতিম হয়ে গেছে, আমি সাগরে পড়ে গেছি। আমি এই হত্যার বিচার চাই।'