রাঙামাটির লংগদু উপজেলার ভাসান্যাদম এলাকায় মৃত একটি বন্য হাতির দেহ থেকে দাঁত, শুঁড় ও রান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে এই ঘটনা ঘটে। এর আগে অসুস্থ অবস্থায় রোববার সকালে হাতিটি মারা যায়।
বন বিভাগের অবহেলায় ঘটনা
স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের অবহেলার কারণেই মৃত হাতিটির দেহের অংশ কেটে নেওয়ার মতো অমানুষিক কাণ্ড ঘটেছে। রোববার হাতিটি মারা গেলে তার হস্তিনী সঙ্গী শোকে পাহারা দিচ্ছিল। হস্তিনীর আক্রমণাত্মক আচরণের কারণে সেদিন বন বিভাগের লোকজন মৃতদেহের কাছে যেতে পারেনি। ফলে ঘটনাস্থলেই পড়ে ছিল হাতির মৃতদেহ।
সুরতহাল প্রতিবেদন ও পুঁতে ফেলার সিদ্ধান্ত
সোমবার হাতিটির মৃত্যু নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির পর দেহটি মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু মৃতদেহের নিরাপত্তায় ঘটনাস্থলের আশপাশে কোনো টহল ব্যবস্থা নেয়নি বন বিভাগ। এই সুযোগে রাতে সংঘবদ্ধ একদল দুর্বৃত্ত মৃত হাতির দেহ থেকে একটি রান, শুঁড় ও দাঁত কেটে নিয়ে যায় বলে জানান স্থানীয়রা।
বন বিভাগের বক্তব্য
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগীয় কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ দাবি করেন, মৃত হাতিটির দাঁত ছিল না। তিনি বলেন, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত প্রবল ঝড়ো হাওয়ার কারণে তাদের লোকজন ঘটনাস্থলে যেতে পারেনি। এই সুযোগে দুর্বৃত্তরা জঘন্য ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্বৃত্তদের খুঁজে বের করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি জানান, সোমবার সকালে হাতিটির মৃত্যু নিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য চট্টগ্রাম থেকে চার সদস্যের একটি ভেটেরিনারি টিম ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে হাতিটি মাটি পুঁতে ফেলা হবে।



