ঈশ্বরদীতে তিন তরুণী অপহরণ, ঘণ্টাখানেক পর মুক্তি
ঈশ্বরদীতে তিন তরুণী অপহরণ, পরে মুক্তি

পাবনার ঈশ্বরদী উপজেলায় এক চাঞ্চল্যকর ঘটনায় তিন তরুণীকে প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে জোরপূর্বক অপহরণ করা হয়েছে। তবে অপহরণের প্রায় এক ঘণ্টা পর তাদের ছেড়ে দেয় দুর্বৃত্তরা। পরে তারা নিজেরাই থানায় গিয়ে আশ্রয় নেয়। রোববার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার আইকে রোডের মানিকনগর ‘ল্যাংড়ার দোকান’ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন রাশিয়ান নাগরিক তিন তরুণীকে সঙ্গে নিয়ে একটি অটোবাইকে ঈশ্বরদী থেকে রূপপুর প্রকল্পের আবাসনের দিকে ফিরছিলেন। ঘটনাস্থলে অটো পৌঁছালে হঠাৎ একদল যুবক অটোবাইকের গতিরোধ করে। পরে তারা জোরপূর্বক তিন তরুণীকে গাড়ি থেকে নামিয়ে তাদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং দ্রুত একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই অপহরণকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মুক্তি ও থানায় উপস্থিতি

অপহরণের প্রায় এক ঘণ্টা পর স্বেচ্ছায় ওই তিন তরুণী ঈশ্বরদী থানায় উপস্থিত হয়ে পুলিশকে জানান, তাদের কোনো ক্ষতি করা হয়নি। অপহরণকারীরা তাদের ছেড়ে দিয়েছে এবং মোবাইল ফোনগুলোও ফেরত দিয়েছে। তারা এ ঘটনায় কোনো অভিযোগ দাখিল করতে আগ্রহী নন বলে জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রহস্য ও উদ্বেগ

এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহরণকারী যুবকদের পরিচয় কিংবা অপহৃত তরুণীদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনাস্থলে থাকা রাশিয়ান নাগরিকদের ভূমিকাও রহস্যজনক। এদিকে প্রকাশ্যে সড়কের ওপর এমন দুঃসাহসিক ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, ঘটনার কিছু সময় পর তিন তরুণী নিজেরাই থানায় আসে। তারা জানান, তাদের কোনো ক্ষতি হয়নি এবং মোবাইল ফোন ফেরত পেয়েছে। নিরাপত্তার স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ