নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সোমা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৩০ জন।
ঘটনার বিবরণ
বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সোমা আক্তার আমতলা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। সংঘর্ষে আহত ৯ জন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে ৭ জনের অবস্থার অবনতি হলে তাদেরকে পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিরা বিভিন্ন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
বিরোধের পটভূমি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে গ্রামটির নূর ইসলাম ও প্রতিবেশী শাহীন মিয়া এবং বাবুল মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে শাহীন ও বাবুল তার লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে এস্কেভেটর মেশিন দিয়ে মাটি কাটতে যায়। তখন নূর ইসলামের লোকজন বাঁধা দেয়। এ সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে দুপক্ষের বেশ কিছু লোকজন আহত হন। আহতদের মধ্যে নূর ইসলাম পক্ষের গুরুতর আহত নারী সোমা আক্তার মারা যান।
পুলিশের বক্তব্য
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, সংঘর্ষে সোমা নামের এক নারীর মৃত্যু হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তদন্তের পাশাপাশি হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।



