চট্টগ্রামে লিফটে আটকে পড়া কিশোরকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
চট্টগ্রামে লিফটে আটকে পড়া কিশোর উদ্ধার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় সরকারি আবাসিক ভবন 'হালদা'য় একটি লিফটে আটকে পড়া ১৫ বছর বয়সী কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ

বিদ্যালয় ছুটির পর নির্ধারিত সময়ে বাসায় ফেরেনি ওই কিশোর। স্বজনেরা বিদ্যালয়ে ফোন করেও তার কোনো তথ্য পাননি। ছেলের খোঁজ নিতে কর্মস্থল থেকে নিজের সরকারি বাসভবনে আসেন তার বাবা। সেখানে নিচতলায় একটি লিফট আটকে থাকতে দেখে সন্দেহ হয় তার। লিফটের দরজায় বাইরে থেকে ধাক্কা দিতেই অপর পাশ থেকেও জবাব আসে। বুঝতে পারেন ভেতরে আটকে আছে কেউ, সম্ভবত তারই সন্তান। দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন তিনি। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার করে ভেতরে আটকে পড়া তার ছেলেকে।

ফায়ার সার্ভিসের ভূমিকা

ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের ফায়ার ফাইটার মো. ফারুক হোসেন বলেন, লিফটের কারিগরি ত্রুটির কারণে কিশোরটি আটকে পড়েছিল। বিকেল ৪টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে চন্দনপুরা স্টেশনের একটি দল কিশোরকে উদ্ধার করে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কিশোরের অবস্থা

দীর্ঘক্ষণ লিফটে আটকে থাকায় কিশোরটি আতঙ্কগ্রস্ত (ট্রমা) হয়ে পড়েছে বলে তার বাবা জানান। তার শ্বাসকষ্টের জটিলতা আছে। ভেতরে ফ্যানও কাজ করেনি। অ্যালার্মের বোতাম টিপলেও সেটিও শোনা যায়নি।

ভবনের লিফট নিয়ে অভিযোগ

ওই ভবনের বাসিন্দাদের অভিযোগ, সরকারি আবাসিক ভবনটিতে দুটি লিফট রয়েছে, যা প্রায়ই নষ্ট হয়ে যায়। লিফটের ভেতরের জরুরি অ্যালার্ম থাকলেও সেটি শোনা যায় না। ভেতরের কেউ আটকে পড়লে কথা বলার জন্য ইন্টারকম নেই। নেই কোনো ফ্যানও। ইন্টারকম থাকলে অন্তত সোয়া এক ঘণ্টা আটকে থাকত না।

এ বিষয়ে জানতে সরকারি আবাসন পরিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক আইরিন আকতারের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ